নীলফামারীর ডিমলা উপজেলায় একটি অটো রাইস মিলে পার্বোলিং হাড়ি (ধান সিদ্ধ করার চুল্লি) বিস্ফোরণে মাসুদ রানা (২৪) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ভোর আনুমানিক ৫টার দিকে ডিমলা উপজেলার সরদারহাট এলাকায় অবস্থিত শালভী অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় পার্বোলিং হাড়ির গরম পানি ও সিদ্ধ ধান ছিটকে পড়ে মাসুদ রানার শরীরে, এতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে দগ্ধ হয়।
তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর তাকে ঢাকা পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য।
দুর্ভাগ্যজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (১৯ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে ঢাকায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত মাসুদ রানা দিনাজপুর জেলার শিয়ালগাজী উপজেলার বটতলী এলাকার বাসিন্দা। তিনি গত আট মাস ধরে ডিমলার শালভী অটো রাইস মিলে পার্বোলিং হাড়ির প্রধান শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁরা দাবি করেছেন, এমন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে রাইস মিল কর্তৃপক্ষের আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা উচিত ছিল। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়েছে কিনা তা জানা যায়নি।

No comments: